ঢাকা: নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি থিম সং-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টায় হোটেল লেকশোর-এ এই থিম সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, ‘ধানের শীষের এই প্রতীক শুধু একটি প্রতীক নয়। এর সঙ্গে মিশে আছে বাংলার হাজারো মানুষের ভাবনা। যে প্রতীক-কে মুছে দিতে চেয়েছিল শেখ হাসিনা। কিন্তু, পারেনি। কেউ এই প্রতীককে মুছে দিতে পারবেনা দেশ থেকে।’
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন গানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আমরা নির্বাচনে যাচ্ছি। এই ধানের শীষের ভেতরে মিশে আছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া— যার হাত ধরে এদেশে নারী জাগরণ ও উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যা নতুন উদ্যমে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’
বিএনপির থিম সং টি হচ্ছে- ‘ভোট দিবেন কিসে, ধানের শীষে।’ গানটির কথা লিখে সুর করেছেন মো. তানভীর চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিশা ও নিলয়। এ ছাড়া, গানের সঙ্গে নাচ করেছেন এক ঝাক তরুণ নৃত্যশিল্পী।