ঢাকা: দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে অন্য কোনো রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা উপস্থাপন করলে সরকার সেই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কেবল জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালানো হলে তাদের দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করা একজন রাজনীতিবিদের দায়িত্ব নয়। বরং, জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই আসল কাজ।’ বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় এবং মাতৃভূমিকে এগিয়ে নিতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করার আহ্বান জানান তিনি।
দেশে বিশৃঙ্খলা ও মিথ্যাচারের রাজনীতির দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অপপ্রচারের রাজনীতি স্বৈরাচার সরকার করে গেছে। কিন্তু, বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের প্রতিজ্ঞা করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘হঠকারিতা বাদ দিয়ে জনমানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে। কারণ, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতি এখন আর জনগণ সমর্থন করে না। সমালোচনা করা সহজ হলেও কাজ করা কঠিন। তাই সমালোচকরা মাঠে নেমে মানুষের জন্য সঠিক কাজ করুন।’
বিএনপির ওপর গত ১৭ বছরের নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বিরোধী শক্তির অনেকেই ১৯৭১, ১৯৮৬, ১৯৯৬ এবং ২০২৬ সালেও ভুল করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশ ও মানুষের উপকারের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা সংসদে এবং জনগণের সামনে তুলে ধরলে সরকার সেই অনুযায়ী কাজ করবে।’
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আবদুর রহমান সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।