ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্যচিত্রে ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ভুল-ত্রুটির অভিযোগ ওঠায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জনের পর তথ্যচিত্রটি দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এ সময় তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি— এমন অভিযোগ তুলে অনুষ্ঠানস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণে তারা অঙ্গীকারবদ্ধ।
মন্ত্রণালয় বলেছে, তথ্যচিত্র বা অন্য যেকোনো বিষয়ে অভিযোগ জানানোর অধিকার নাগরিকদের রয়েছে। তবে অভিযোগ জানানোর ক্ষেত্রে পরিশীলিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা বাঞ্ছনীয়। রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের সামনে গোলযোগ সৃষ্টি করায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় আমন্ত্রিত শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা মানসিকভাবে আহত হয়েছেন বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিমূলক ও সম্মানহানিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা সম্পর্কে জনগণকে সচেতন ও সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।