Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১২:৫৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৬:৪৮

‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, কোনো শিশুই যেন শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

তিনি বলেন, পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্মের উদ্যোগে দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাস। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্ব পালনকারী ব্যক্তি— যা হতে চায়, তা অর্জন করতে পারে।’

তিনি বলেন, ‘আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে যে দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তবে আয়েশার সাফল্য যেন ব্যতিক্রম না হয়ে থাকে, সে জন্য দেশের প্রতিটি শিশুর বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।’

ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এটি মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।’

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই হাতহীন তরুণী আয়েশার সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ তার অদম্য ইচ্ছাশক্তি ও জীবনের জয়গানের অনুপ্রেরণামূলক চিত্র তুলে ধরেছে।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর