Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৮:৩৪ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৯:৩০

ঢাকা: সম্প্রতি কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের কুয়েত সরকার নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে যে, সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরইমধ্যে একাধিকবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়েছেন।

বিজ্ঞাপন

দূতাবাস সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রে কুয়েত সরকার খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে। এ ছাড়া, উচ্ছেদকৃত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণে দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে। এ উদ্দেশ্যে দূতাবাসে এরইমধ্যে জরুরি যোগাযোগের নম্বরসহ একটি পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

একই সঙ্গে, কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর