Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ২২:০২ | আপডেট: ১৬ জুন ২০২৬ ০০:৪১

ঢাকা: লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকরের পর এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইতালি।

সোমবার (১৫ জুন) এক বার্তায় দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তারা ইতালিতে অবস্থান বা কাজ করার সুযোগ পাবে না।

দূতাবাস আরও বলেছে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়া থেকে বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী চক্রকে উৎসাহিত করে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

বার্তায় উল্লেখ করা হয়, ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের নানা সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। তবে এসব সুবিধা পেতে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ইতালিতে যেতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, নিয়ম মেনে আবেদন করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে ঝুঁকি এড়ানোর পাশাপাশি আইনগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর