Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ ও নারী উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৯:০৫

সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা: দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্ট-আপ তহবিল, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ঢাকা মহানগরের সামগ্রিক অবকাঠামো, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ঢাকা-৪ আসনের অন্তর্গত এলাকার সুনির্দিষ্ট চাহিদার ওপর ভিত্তি করে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান বাড়াতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।’

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। নিম্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।’

যুবসমাজকে আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।’

মন্ত্রী জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিল খাতে ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যুব ও ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে এই সুযোগ-সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ আরও সহজে পেতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট ব্যাংক ও দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর