ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনার আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং বিচারের আওতায় আনায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা এবং অপরাধীদের গ্রেফতার করা সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। অপরাধ দমনে সরকারের এই জিরো টলারেন্স নীতি জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে ভবিষ্যতে অপরাধ দমনে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত কমিটির অন্যান্য সদস্যরাও ঘটনাটিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।