ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল এবং প্রতিদিনের কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত এই অধিবেশন চলমান থাকবে। তবে বিশেষ প্রয়োজনে অধিবেশনের সময়সূচি বা কার্যদিবস পরিবর্তনের পূর্ণ ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৩টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। তবে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার সুবিধার্থে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মোট চারদিন প্রতিদিন দুই বেলা করে অধিবেশন চালানোর প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেট অধিবেশনে আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে প্রচুর সাড়া পাওয়া গেছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টিসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ এর আওতায় মনোযোগ আকর্ষণের নোটিশ ৯৮টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ জমা পড়েছে ২৯৩টি।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির এই বৈঠকে সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ ছাড়া বিরোধী দলের পক্ষ থেকে উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন।