Friday 29 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের প্রথম বাজেট হবে জনবান্ধব: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ১৫:৫১ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৮:৪৮

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রাজবাড়ী: বর্তমান সরকারের প্রথম বাজেটে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব ও জনবান্ধব বিভিন্ন দিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, অবহেলিত অঞ্চলগুলোতে শিল্প উৎপাদন, সহায়তা ও প্রণোদনার বিষয়ও বাজেটে উল্লেখ থাকবে।

শুক্রবার (২৯ মে) রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী যে বাজেট হবে, সেখানে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব, জনবান্ধব এবং ব্যবসার ক্ষেত্রে যে নীতির ধারাবাহিকতা দরকার সে বিষয়ও বর্তমান সরকার তার প্রথম বাজেটে উল্লেখ করবে। এ ছাড়া যে সকল অবহেলিত অঞ্চল আছে, সে অঞ্চলগুলোতে বিভিন্ন শিল্প উৎপাদন, সহায়তা ও বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, সরকার এরইমধ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কার্যক্রম শুরু করেছে। বন্ধ শিল্পকারখানাগুলোকে কম সুদে বিশেষ সুবিধা দেওয়া হবে। নারী উদ্যোক্তা, ক্ষুদ্র কুটির শিল্প এবং অবহেলিত অঞ্চলগুলোর জন্য বিশেষ সহায়তার কথাও জানান তিনি।

এ ছাড়া শিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি কারিগরি শিক্ষা ও বহুভাষা শেখার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান।

সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর