ঢাকা: আসন্ন ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন, তার একটি সামগ্রিক চিত্র এই ঘোষণার মাধ্যমে সামনে এসেছে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্যরাও পবিত্র ঈদের দিন এই রাজধানীতেই অবস্থান করবেন। তাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
রাজধানীর বাইরে নিজ নিজ নির্বাচনি এলাকা ও জন্মভূমিতে তৃণমূলের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন সরকারের একঝাঁক শীর্ষ নীতি-নির্ধারক।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঈদের নামাজ আদায় করবেন তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য পবিত্র ঈদুল আজহার সময় নিজ নিজ সংসদীয় এলাকার জনগণের সাথে কাটাবেন এবং সেখানেই ঈদের নামাজ আদায় করবেন।