Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিনায় ট্রলি বহনে নিষেধাজ্ঞা: হজযাত্রীদের জন্য নতুন নিয়ম

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৩:০৭

ঢাকা: মিনার তাঁবুতে ভিড় এড়াতে এবং চলাচলের পথ সুগম রাখতে হজযাত্রীদের লাগেজ বহনে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সৌদি প্রশাসন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে পবিত্র এই স্থানে ট্রলি ব্যাগ কিংবা ভারী কোনো জিনিসপত্র সঙ্গে না নেওয়ার জন্য হজযাত্রীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি মক্কাস্থ হজ মিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, মিনায় অবস্থানের সময় জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রত্যেক হজযাত্রী কেবল একটি প্রয়োজনীয় ছোট ব্যাগ সঙ্গে রাখতে পারবেন। কোনো অবস্থাতেই হ্যান্ড-ক্যারি বা চাকা লাগানো ট্রলি ব্যাগ মিনায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

বিজ্ঞাপন

হজের সময় মিনায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে বলে সেখানে তাঁবুর ভেতরে জায়গার প্রচণ্ড সংকট থাকে। অতিরিক্ত লাগেজ বা বড় ব্যাগ চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করে, যা বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

এই নিয়মটি কঠোরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। হজযাত্রীরা মিনায় রওনা হওয়ার আগেই যেন তাদের অতিরিক্ত মালপত্র নির্ধারিত নিরাপদ স্থানে রেখে যান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্রিফিং দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হজের পবিত্রতা রক্ষা এবং শৃঙ্খলার স্বার্থে এই ‘এক ব্যাগ’ নীতি কোনোভাবেই শিথিল করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সৌদি হজ কর্তৃপক্ষ।

মূলত হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচলের কথা বিবেচনা করেই এই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর