Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামের টিকা কেন দেওয়া হয়নি, খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৪:৪২ | আপডেট: ৫ মে ২০২৬ ১৫:১০

ঢাকা: হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু এবং টিকাদান কার্যক্রমে ঘাটতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, সরকার হাম পরিস্থিতির ভয়াবহতা অনুভব করছে এবং কেন সময়মতো শিশুদের টিকার আওতায় আনা সম্ভব হয়নি বা কোথায় গাফিলতি ছিল, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা হবে।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, টিকাদানে কোনো ধরনের প্রশাসনিক বা কারিগরি জটিলতা ছিল কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে প্রায় এক কোটি ৬১ লাখ শিশু টিকার আওতায় এসেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্য খাতের এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। টিকার কোনো সংকট যেন না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় অর্থায়ন ও টিকার যোগান নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপদেষ্টা আশ্বস্ত করেন, অতীতে টিকাদান কর্মসূচিতে যে ধরনের বিচ্যুতি ছিল, তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সরকার সচেষ্ট থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর