Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ বাংলাদেশি হজযাত্রী

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১১:৩৩ | আপডেট: ৫ মে ২০২৬ ১৫:১১

ঢাকা: ‎পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। আর এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী ৯ জন মৃত্যুবরণ করেছেন।

‎মঙ্গলবার (৫ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

‎জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

‎হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় দুইজন মারা গেছেন।

বিজ্ঞাপন

সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) ও চাঁপাইনবাবগঞ্জের সদর মডেলের মাহফুজা বেগম (৫২) মক্কায় মারা গেছেন। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হজ বুলেটিনে।

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১২ হাজার ৩৬৪ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৫৫ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর