ঢাকা: বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
সোমবার (৪ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়েও সংক্ষেপে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা চালিত এই সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে।
এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে হাইকমিশনার উভয় দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে হাইকমিশনারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।