Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে আরও তৎপর হতে হবে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:০৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ এবং লোডশেডিংয়ের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সারাদেশে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বড় ধরনের বিশেষ অভিযান বা ‘ড্রাইভ’ দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী তার বক্তব্যে দেশের আবহাওয়া পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, রাজশাহীতে বুধবার (২২ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠছে। বিদ্যুৎ মন্ত্রণালয়কে বর্তমান তাপপ্রবাহ ও সংকট মোকাবিলায় দায়িত্বশীল হতে হবে। সংকট নেই বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই অবস্থায় সরকারের মন্ত্রীদের আরও তীক্ষ্ণ ও সজাগ হতে হবে এবং কেবল কথার ফুলঝুরি না ছড়িয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে। সরকার যে সংকট নিরসনে সচেতন এবং সচেষ্ট, সেটি জনগণের কাছে দৃশ্যমান করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমানে জ্বালানি খাতে যে অস্থিরতা কাজ করছে তা মূলত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং ইরানের জাহাজ চলাচলে বাধার কারণে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এটি কোনো অভ্যন্তরীণ ব্যর্থতা নয়, বরং একটি বৈশ্বিক ও কৃত্রিম সংকট।

এমপি ও মন্ত্রীদের উদ্দেশ্যে রিজভী বলেন, সত্য গোপন না করে প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা উচিত। যদি এই সংকট বিএনপির কোনো ব্যর্থতার কারণে হতো তবে ভিন্ন কথা ছিল, কিন্তু এটি সম্পূর্ণ আন্তর্জাতিক রাজনীতির প্রভাব। আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই জ্বালানির দাম সমন্বয় করাটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, নয়তো ভর্তুকির চাপ বাজেটে বড় সমস্যা তৈরি করবে।

অনুষ্ঠানে রিজভী আরও উল্লেখ করেন, অর্থমন্ত্রী অর্থনীতির বিভিন্ন সূচক নিম্নমুখী হওয়ার কথা বললেও এই সংকট স্থায়ী নয়। বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা এবং সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তিতে রাখতে সচেষ্ট রয়েছে। বিরোধীদের নেতিবাচক মন্তব্যের দিকে না তাকিয়ে সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর