ঢাকা: সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে আজ মঙ্গলবার বিকেল ৪টায়। আমরা এখানে বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি মনোনয়নপত্র পেয়েছি। এছাড়া স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। তার নাম সুলতানা জেসমিন।
এর বাইরে আমরা ৩ জনের মনোনয়নপত্র পেয়েছি। শাম্মা আক্তার, মোছাম্মদ মেহরুন্ নেসা ও মাহবুবা রহমান। এই ৩ জন কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। তারা নিজেদের মতো করে জমা দিয়েছেন। তিনি জানান, মনোনয়ন জমা দেওয়া প্রার্থিতার বিষয়ে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত জানানো হবে।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ২২ এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের মনোনয়নপত্র বাছাই হবে। পরের দিন ২৩ এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই হবে।
আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন দল ও জোটের মধ্যে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্রদের মোর্চা একটি আসন পাচ্ছে। প্রার্থীর সংখ্যা বেশি না হলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।