ঢাকা: খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে কীভাবে বাণিজ্য ও সহযোগিতা আরও বৃদ্ধি করা যায়, তা নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাতের জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হবে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে আরও কার্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে খাদ্য ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া খাদ্য খাতে প্রযুক্তিগত সহায়তা এবং মানসম্মত খাদ্যশস্য আমদানির বিষয়েও দুই দেশের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে খাদ্য সচিব ফিরোজ সরকারসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয়পক্ষই আশা প্রকাশ করেছেন, এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।