Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালির সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৩৪

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসনসহ পারস্পরিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইতালিতে বসবাসরত প্রবাসীরা নিয়মিত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অপরিহার্য অবদান রাখছেন। এ বাস্তবতায় বাংলাদেশ ইতালির সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি অদূর ভবিষ্যতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।’

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রাখা এবং এর পরিধি আরও বিস্তৃত করতে অত্যন্ত আগ্রহী।

তিনি ইতালির বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ করা তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার।

রাষ্ট্রদূত জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। নতুন এই নীতি বাস্তবায়ন হলে নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সুসংহত হবে এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত ও সহজতর হবে।

রাষ্ট্রদূত আরও জানান, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসন, দ্বিপাক্ষিক শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

উভয়পক্ষ বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অব কনসুলার চ্যান্সেরি লরা শেলাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর