ঢাকা: আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসন নির্বাচনের আইন অনুযায়ী ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত এসব আসনে জোটের মনোনীত সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে যদি জোট একাধিক প্রার্থী দেয় তাহলে ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যরাই এতে ভোট দেবেন এবং কোনো জটিলতা সৃষ্টি না হলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।
ইতোমধ্যে গতকাল সোমবার ২০ এপ্রিল বিএনপি ৩৬ জন নারী প্রার্থী চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামসহ ১১ দলীয় জোট ১৩ প্রার্থী চূড়ান্ত করেছে।
এদিকে ইসি থেকে এখন এখন পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ০৮:২৮
২১ এপ্রিল ২০২৬ ০৮:২৮
সারাবাংলা/এনএল/ এএ