ঢাকা: ২০৩০ সালের মধ্যে শুধু সৌরবিদ্যুৎ খাত থেকেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে বড় আকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে, যেখানে বেসরকারি উদ্যোক্তারাও বিনিয়োগের সুযোগ পাবেন। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ এবং নতুন দু’টি জাতীয় দিবস ঘোষণাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি জানান, সৌরবিদ্যুৎ খাতে প্রতি ইউনিটে চার থেকে আট টাকা খরচ হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পাশাপাশি জৈবগ্যাস ও বায়ুশক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল-সংলগ্ন অব্যবহৃত সরকারি জমি ব্যবহার করে ছোট ও বড় আকারের প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অতীতের কিছু সৌরবিদ্যুৎ প্রকল্প আশানুরূপ ফল না দেওয়ায় এবার নীতিমালা ও বাস্তবায়ন কাঠামো কঠোরভাবে পর্যালোচনা করছে সরকার।’ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিদ্যমান জটিল নীতিমালাগুলো সহজ করার প্রক্রিয়া চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।