ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনের ৯টার দিকে এই বৈঠক শুরু হয়। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বেশ কিছু কঠোর ও নতুন সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এ ছাড়াও বৈঠকে আলোচ্যসূচির বাইরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপাতত সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। স্কুল-কলেজের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ‘আপাতত একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে অনলাইন ক্লাসের পরিধি বৃদ্ধি করা হতে পারে।’
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
সে মোতাবেক আজ রাতের মন্ত্রিসভা বৈঠকেই মেট্রোপলিটন অঞ্চলগুলোতে অনলাইন ও অফলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এ ছাড়াও, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈঠক থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানানো হতে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখনও জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহও মোটামুটি স্বাভাবিক। তবে মানুষ আতঙ্কিত হয়ে তেল কেনায় ও অসাধু ব্যক্তিরা তেলের অবৈধ মজুত গড়ে তোলায় কিছুটা সংকট তৈরি হয়েছে।