Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়োপযোগী সংস্কার ছাড়া গণমাধ্যমের বড় কোনো সমস্যা সমাধান সম্ভব নয়: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৯:৪৯ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২০:৫৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: সময়োপযোগী সংস্কার করা ছাড়া গণমাধ্যমের বড় কোনো সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৫ মার্চ) ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে ইফতারের পর তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

তিনি বলেন, আমি একটি রোডম্যাপ তৈরি করার কাজ করছি। সেই রোডম্যাপের মধ্য দিয়েই সমস্যা সমাধান সম্ভব। একই সঙ্গে সাংবাদিকদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, ক্রাইম রিপোার্টারদের তাৎক্ষণিক সমস্যা সমাধান করতে চাই। কোনো সমস্যা থাকলে তার তালিকা দিলেই সমাধান সম্ভব। একইভাবে অন্যান্য সাংবাদিক সংগঠনের সমস্যাগুলোও সমাধান সম্ভব। কারণ সার্ভিস দেওয়ার জন্যই আমি মন্ত্রীত্ব পেয়েছি।

বিজ্ঞাপন

সম্প্রচারমন্ত্রী বলেন, বিটভিত্তিক সাংবাদিকদের সকলের সঙ্গে বসব। একেক বিটের কাজ একেক রকম। সমস্যাও আছে একেক রকম। কিভাবে তথ্যের অবাধ প্রবাহ ঠিক রাখা যায় তা নিয়ে কাজ করব। কী প্রচার করা যাবে আর কী যাবে না তা নিয়ে কাজ করব। যতটুকু প্রচারযোগ্য নয় সেটুকু বাদ দিয়ে সবই প্রচার করা যাবে।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা তথ্য দিতে চান না। আমরা ব্রিটিশ ও পাকিস্তানি কলোনিয়ালদের আন্ডারে ছিলাম। ফলে আমরা একটা পুরনো কালচারেই বড় হয়েছি। তবে আধুনিক যুগে এসে সবকিছু পরিবর্তন হচ্ছে। আমরা সব জায়গায় কাজ করব। ধরে ধরে কাজ করব। আশা করি পরিবর্তন আসবে।

তিনি বলেন, তারেক রহমান মাত্র সরকার গঠন করেছে। সংস্কারটা, একটু বুঝতে হচ্ছে। এখনো বড় জায়গায় হাত দেওয়া হয়নি। পরিবর্তনের জায়গায় হাত দেওয়া হবে। কল্যাণকামী একটি মন্ত্রণালয় গঠন করতে কাজ করা হচ্ছে। এখানে ২৪ ঘণ্টা কাজ করতে হয়, সেবা দিতে হয়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিয়ে কাজ করা হচ্ছে। অনেকে অভিযোগ করেছেন, অনেকে ভুয়া পত্রিকার পরিচয় দিয়ে ব্লাকমেইল করছে। এসব বন্ধে কাজ করা হবে। সেক্ষেত্রে মালিকদের ও ইউনিয়নগুলোকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, ওয়েজবোর্ড নিয়ে কাজ করা হবে। দেশের সঠিক সেবা দিতে হলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা জরুরি। সেজন্য ওয়েজবোর্ড বাস্তবায়ন অপরিহার্য। এ রকম প্রত্যকটি সমস্যাকে চিহ্নিত করে সমাধান করতে হবে। এর আগে আমি এমপি হলেও সরকারে ছিলাম না। তবে এবার সরকারে থেকে সেবা দেওয়ার সুযোগ এসেছে।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর