ঢাকা: দেশের প্রায় ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলতি বছরই নির্বাচনের উপযোগী হচ্ছে। ফলে সাংবিধানিক নিয়ম মেনে এই বিশাল সংখ্যক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে (ইসি)।
সোমবার (৯ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হবে। ফলে এ বছরই নির্বাচনগুলো করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)।
এবছরের ৩ হাজার ৭৫৫টি ছাড়াও আগামী বছরে আরও ৩৪৯টি নির্বাচন উপযোগী হবে। এছাড়া ভেঙে দেওয়া ৩৩০ পৌরসভা, ৪৯৫ উপজেলা, ১২টি সিটি কর্পোরেশন ও ৬১ জেলা পরিষদ এখনই নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।
কর্মকর্তারা বলছেন, নির্বাচন উপযোগী হলেও তা সরকারের ওপর নির্ভর করবে কখন ভোট হবে। কেননা, স্থানীয় সরকার ভোটগুলোর সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে।
কমিশন কেবল ভোটের আয়োজন করে। তবে এরই মধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন করতে ইসিতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য সব নির্বাচনের প্রস্তুতি রাখছে ভোট আয়োজনকারী সংস্থাটি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারাবছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে।