Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: এলজিআরডি মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিস্তা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন সহযোগিতা নিয়ে দেশটির আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ; তবে তিস্তা প্রকল্পের বিষয়ে চীনের আগ্রহের কথা উঠে এসেছে। তিস্তা ছাড়াও চীনের সঙ্গে চলমান ও সম্ভাব্য অন্যান্য প্রকল্প নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘নতুন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিষয় পর্যালোচনা করছি। সবকিছু খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে।’

তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সফরটি অবশ্যই অনুষ্ঠিত হবে বলে আশা করছি। তবে সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।’

বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, নদী ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার ইঙ্গিত মিলেছে এ সাক্ষাতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর