Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপের প্রভাবে ৫ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৩:১৪

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার (৯ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আরও বিস্তৃত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেটসহ দেশের প্রায় সব বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) ও বুধবার (১১ মার্চ) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই দুই দিনেও দেশের বেশ কয়েকটি বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে এর আগে দেশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর