Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকের বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৯:১৫

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেট: প্রতীকের বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তবর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে দিয়েছে। সে কারণে একটি আইনগত ভিত্তি প্রয়োজন। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে এবং সংসদে প্রতীকের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন খুব দ্রুতই অনুষ্ঠিত হবে। না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়ে সিদ্ধান্ত নিবে সরকার।

বিজ্ঞাপন

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের ভুয়সী প্রশংসা করে বলেন, আমাদের কর্মবীর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিন থেকে একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন। আপনারা নিশ্চয় লক্ষ করেছেন উনার গাড়ি বহরে সিগনালে আটকানো, পায়ে হেঁটে অফিস করা, নিজের গাড়িতে চলা এখন পর্যন্ত ফ্ল্যাট ব্যবহার না করা, নিজের ড্রাইভার দিয়ে গাড়ি চালানো, নিজের তেল ব্যবহার করে গাড়িতে ওঠা। এবং সমস্ত রীতি রেওয়াজ ভেঙে সচিবালয়ে প্রতিনিয়ত অফিস করা, টাইম বেধে দেওয়া, সচিব মন্ত্রীদের খোঁজ নেওয়া কারা অফিসে আসছে-আসছেন না—আমাদেরকে নির্দেশনা দেওয়া— আজকে কিন্তু আমি প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটে এসেছি। প্রতিনিয়ত তিনি মন্ত্রীদের নির্দেশনা দিচ্ছেন মাঠ ও গ্রাম পর্যায়ে গিয়ে কোথায় কি সমস্যা চিহ্নিত করে উপস্থাপন করার জন্য।

সিলেট সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সফরের কথা জেনে প্রধানমন্ত্রী’র স্ত্রী জোবাইদা রহমান অত্যন্ত খুশি হয়েছেন। সফর শেষে সিলেটের নানা সীমাবদ্ধতার বিষয়গুলোও তাকে জানাবেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সিলেট থেকে যেসব উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশন আমার দেখা সবচেয়ে সুন্দর এলাকা। তবে মোটাদাগে পানি, জলাবদ্ধতা, ছড়া খাল উদ্ধার ও সংস্কারের বিষয়টি অবগত হলাম।

আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যদি নির্দলীয় নির্বাচন হয় সেখানে কারা নির্বাচন করবেন, তা সরকারের আমলে নেওয়ার প্রয়োজন নেই।

এ সময় সিলেট সিটি করপোরেশনের চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্পের নিয়ে আলোচনা করে জলাবদ্ধতা, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তাছাড়া সুরমা নদী এবং ছড়া বা খালের প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানান।

এর আগে, সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রথমে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।

এ ছাড়া আগামী ১০ মার্চ ১৪টি এলাকায় পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে এবং ১৫ মার্চ থেকে ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য পাইলট প্রকল্প চালু করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর