Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেরানীগঞ্জে দুই তরুণীকে ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৩:৫২ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৪

প্রতীকী ছবি।

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্তদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের এই টাকা আদায় করতে হবে এবং তা ভুক্তভোগী ও তাদের পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— রাহুল, ডায়মন্ড, অনিম, পলাশ, মিনহাজ আবেদীন ও মিনহাজ বাবু।

বিজ্ঞাপন

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে এক বন্ধুর জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে ঘুরতে বের হন। রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জের একটি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার জন্য শুভাঢ্যা এলাকায় অটোরিকশা খোঁজার সময় আসামিরা একটি অটোমিশুক নিয়ে তাদের পথরোধ করে। এরপর আসামিরা তাদের বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় এবং তাদের ‘রতনের খামার’ নামের একটি অন্ধকার মাঠে নিয়ে যায়। সেখানে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করে আসামিরা তাদের মোবাইলফোনও কেড়ে নেয়।

পরবর্তীতে ভুক্তভোগীদের বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তরুণীদের উদ্ধার করে। এ ঘটনায় ওই বছরের ২৯ জুন ভুক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পরে তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরজিৎ কুমার ঘোষ ওই ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেন।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর