Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু মাহফুজ হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৭:৩২ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৮:৩৩

ঢাকা: গোপালগঞ্জের কাশিয়ানীতে আট বছরের শিশু মাহফুজকে অপহরণের পর হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামাল শেখ, শামীম শেখ ও রঞ্জু শেখ। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মাহমুদা খানম উষা ও বিল্লাল শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ৫ জুলাই সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাড়ি থেকে ভাটিয়াপাড়া রেলওয়ে জামে মসজিদে যাওয়ার পথে মাহফুজকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। তবে দাবি অনুযায়ী অর্থ না পেয়ে প্রায় দেড় মাস আটকে রাখার পর ২০১২ সালের ২০ আগস্ট রাতে পূর্বপরিকল্পিতভাবে মাহমুদা খানম উষার বাড়িতে শিশুটিকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

পরে মরদেহ ভুক্তভোগী পরিবারের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেলে রাখা হয়। মামলায় উল্লেখ করা হয়, মাহফুজের বাবা ইতালিপ্রবাসী ছিলেন এবং আসামিদের সঙ্গে তাদের পূর্বশত্রুতা ছিল।

ঘটনার পর ২০১২ সালের ৬ জুলাই শিশুটির মা স্বপ্না বেগম কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২০ নভেম্বর তদন্ত কর্মকর্তা এসআই নিজাম শিকদার আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার গুরুত্ব বিবেচনায় ২০১৩ সালের ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তর করা হয়। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জন সাক্ষ্য দেন এবং আসামিপক্ষে আটজন সাফাই সাক্ষ্য প্রদান করেন।

এর আগে একই মামলার দুই নাবালক আসামি মেহেদী ও সাদ্দামকে ২০২৫ সালের ৯ নভেম্বর ১০ বছর করে আটকাদেশ দিয়েছিলেন আদালত।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর