ঢাকা: গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২০ মে) এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এসএম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী।
রিট আবেদনে বলা হয়, গাইবান্ধায় কুকুরের কামড়ে অন্তত ১৭ জন আহত হন এবং পরে পাঁচজনের মৃত্যু হয়। আহতদের অনেকেই সরকারি হাসপাতালে প্রয়োজনীয় টিকা না পেয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সরকারি খরচে চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. শাফিনুর ইসলাম। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১১ জনকে বিবাদী করা হয়।
শুনানি শেষে আদালত গাইবান্ধার সিভিল সার্জনকে পুরো ঘটনা তদন্ত করে ঈদের ছুটির পর বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। প্রতিবেদনে কতজন মারা গেছেন, কীভাবে মৃত্যু হয়েছে এবং কোনো ধরনের গাফিলতি ছিল কি না এসব বিষয় উল্লেখ করতে বলা হয়েছে।