Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো অপরিবর্তিত রাখার প্রত্যাশা হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৭:৪৫

ঢাকা: বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা আপিল সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বর্তমান অবকাঠামো যেন অপরিবর্তিত রাখা হয়। এমন প্রত্যাশা সরকারের প্রতি ব্যক্ত করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

এর আগে, অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিটটি করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বিলগুলো পাস হওয়ায় বিচার বিভাগ আগের কাঠামোয় ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফলে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন এবং স্বতন্ত্র সচিবালয় বিলুপ্তির পথে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে এর আগে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল করার উদ্যোগ নিয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর