ঢাকা: রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুনর্গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুইজন পুলিশ কমিশনার নিয়োগের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু এ রিট আবেদন করেন।
রিট আবেদনে বলা হয়েছে, প্রশাসনিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই দুই ভাগে বিভক্ত হলেও পুরো মহানগরের পুলিশিং কার্যক্রম এখনো এককভাবে ডিএমপির অধীন পরিচালিত হচ্ছে। একজন পুলিশ কমিশনারের মাধ্যমে এই বিশাল নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যা বর্তমান বাস্তবতায় অকার্যকর হয়ে পড়ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, দ্রুত নগরায়ন, অতিরিক্ত জনসংখ্যার চাপ, অপরাধ বৃদ্ধির প্রবণতা, তীব্র যানজট এবং জননিরাপত্তা সংকটের কারণে বিদ্যমান একক পুলিশ কাঠামো কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এতে হাইকোর্টের কাছে কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে ডিএমপিকে দুইটি পৃথক ইউনিটে বিভক্ত করা, উত্তর ও দক্ষিণ সিটির জন্য আলাদা দুইজন পুলিশ কমিশনার নিয়োগ, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান কাঠামোকে অসাংবিধানিক ঘোষণা করা।