Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত-শিবিরের বিরোধিতার জেরে ইনুকে মামলায় জড়ানো হয়: আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৩:০১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৪:৪৭

জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ঢাকা: জামায়াত শিবিরের বিরোধিতা করার কারণেই মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ দাবি করেন। অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় টানা চতুর্থ দিনের মতো আসামিপক্ষের যুক্তিতর্ক চলছে। শুনানির শুরুতে ২০২৪ সালের ২৭ জুলাই বেসরকারি টেলিভিশনে দেওয়া ইনুর একটি ভিডিও সাক্ষাৎকার আদালতে উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

ভিডিও প্রদর্শনের পর আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, ওই সাক্ষাৎকারে ইনু কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেননি এবং কাউকে সমর্থন করেও কথা বলেননি। বরং বিভিন্ন পক্ষের ভুল ও ব্যর্থতা তুলে ধরেছেন যা অপরাধ হিসেবে গণ্য হতে পারে না।

তিনি আরও দাবি করেন, কোটাবিরোধী আন্দোলনের সময় ইনু শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন, যার প্রতিফলন ওই সাক্ষাৎকারে স্পষ্ট। তবুও তার বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। যদিও প্রসিকিউশন এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে উপস্থিত রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার ও মঈনুল করিম।

এর আগে রোববার (১২ এপ্রিল) তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ হয়। গত ২ এপ্রিল শুরু হওয়া এ যুক্তিতর্ক পর্ব শেষে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকবে।

এদিকে, সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তার উপস্থিতিতেই শুনানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর