ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সোমবার (৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম, তেল আবিব এবং লোহিত সাগরের তীরবর্তী এলিয়াত শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইরান থেকে নতুন দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার বিষয়টি শনাক্ত করার পরপরই দেশজুড়ে উচ্চ সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই আকাশসীমায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে শুরু করে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এলিয়াতকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একঝাঁক ড্রোন ছোড়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম আরুৎজ সেভা মিডিয়া দাবি করেছে, ইরান, লেবানন এবং ইয়েমেন থেকে একযোগে এই সমন্বিত হামলা চালানো হয়েছে।