ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত আজ ১৪তম দিনে প্রবেশ করেছে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ঘোষণা করেছেন, অভিযান খুব দ্রুত এগোচ্ছে। তবে ওয়াশিংটনের এই হুংকারের বিপরীতে অনড় অবস্থান প্রকাশ করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি ও সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে।
শুক্রবার (১৩ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরেছেন।
ইরান পরিস্থিতি
সর্বোচ্চ নেতার বক্তব্য: গত সপ্তাহে বাবার হত্যাকাণ্ডের পর দায়িত্ব নেওয়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বিবৃতিতে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ না করা পর্যন্ত ইসরায়েল এবং মার্কিন সামরিক স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে।
তেহরানে ভারী হামলা: ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে নতুন করে হামলা চালিয়েছে, যার ফলে শুক্রবার সকালে পুরো শহর ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
হরমুজ প্রণালী বন্ধ ও তেলের দাম বৃদ্ধি: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, যার ফলে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রফতানির একমাত্র পথ এটি। ইরান জানিয়েছে, এই জলপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট জাহাজ চলাচল নিষিদ্ধ; অন্য জাহাজ চলাচলে ইরানের অনুমতি লাগবে।
বেসামরিক মৃত্যু: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ মাস থেকে ৮৮ বছর বয়সী মানুষ রয়েছে।
উপসাগরীয় দেশগুলোর অবস্থা
আঞ্চলিক পালটা আঘাত: ইরান ওইসব উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল ছুড়েছে যারা মার্কিন ঘাঁটি ও সেনাদের আশ্রয় দিয়েছে; পাশাপাশি তেল ট্যাঙ্কার ও স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বাহরাইন: ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১১৪টি মিসাইল এবং ১৯০টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে দেশটি।
সৌদি আরব: দেশটির পূর্ব অঞ্চলে ১০টি ড্রোন প্রতিহত করা হয়েছে এবং পরে আকাশসীমা লঙ্ঘন করা আরও ২৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে হামলা: আমিরাত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানি হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিছু হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
উচ্ছেদ ও সতর্কতা: অস্ট্রেলিয়া তাদের ‘অপ্রয়োজনীয়’ কর্মকর্তাদের আরব আমিরাত ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে এবং নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগের আহ্বান জানিয়েছে।
কাতারের প্রতিক্রিয়া: কাতারের আকাশসীমা আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও কাতার এয়ারওয়েজ আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে ১৪০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। কাতার ইসরায়েলি মিডিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করেছে যেখানে বলা হয়েছিল যে তারা মার্কিন জ্বালানি বাজার অস্থিতিশীল করতে এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে। কাতার জানায়, মূলত ইরানি ড্রোন হামলার কারণেই উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
ট্রাম্পের দাবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব দ্রুত’ এগোচ্ছে এবং তাদের সামরিক বাহিনী অপরাজেয়। তবে তিনি ইরানের সর্বোচ্চ নেতার বার্তার কোনো সরাসরি জবাব দেননি।
অভ্যন্তরীণ বিরোধিতা: ২৫০টিরও বেশি মার্কিন সংস্থা কংগ্রেসের কাছে যুদ্ধে অর্থায়ন বন্ধের চিঠি দিয়েছে। তাদের দাবি, যুদ্ধের প্রথম ৬ দিনে খরচ হওয়া ১১.৩ বিলিয়ন ডলার দেশের জরুরি অভ্যন্তরীণ প্রয়োজনে (যেমন খাদ্য সহায়তা) ব্যবহার করা উচিত ছিল।
স্থলসেনা মোতায়েন: মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিলেও জানিয়েছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।
ইসরায়েল পরিস্থিতি
নতুন মিসাইল হামলা: শুক্রবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইরান থেকে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে; বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাসিজ বাহিনীর ওপর হামলা: তেহরানে ইরানের বিপ্লবী গার্ডের ‘বাসিজ’ বাহিনীর চেকপোস্টগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রশাসনের নিয়ন্ত্রণ দুর্বল করা যায়।
শাসনব্যবস্থা পরিবর্তন: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের পরিবেশ তৈরি করতে পারে, তবে রাস্তায় নামার দায়িত্ব ইরানের জনগণের।
তিনি আরও জানান, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক প্রজেক্টগুলো মাটির নিচে সরিয়ে নিতে না পারে, ইসরায়েল সেই লক্ষ্যেই কাজ করছে।
লেবানন ও ইরাক পরিস্থিতি
মার্কিন বিমান বিধ্বস্ত: পশ্চিম ইরাকে একটি মার্কিন KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। ইরাকের সশস্ত্র গোষ্ঠী এটি ভূপাতিত করার দাবি করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এটি কোনো শত্রুপক্ষের হামলায় পড়েনি বরং “বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়” দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় ৪ মার্কিন সেনা নিহত হয়েছেন।
ইরাকি বন্দর বন্ধ: ইরাকি জলসীমায় একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলায় এক ভারতীয় ক্রু সদস্য নিহত হওয়ার পর ইরাক তাদের বন্দর কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
ফরাসি সেনা আহত: ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় ৬ জন ফরাসি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
দক্ষিণ লেবাননে প্রাণহানি: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সিডনের কাছে আরকি গ্রামে এক হামলায় ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
বিপুল বাস্তুচ্যুত: লেবাননের কর্মকর্তাদের মতে গত সোমবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৯৮টি শিশুসহ অন্তত ৬৮৭ জন নিহত হয়েছে এবং প্রায় ৭ থেকে সাড়ে ৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।