Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএসআইসি’র প্রথম এমডি ও সিইও ওয়াইজ রহিম

সারাবাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬ ২০:০৫

ওয়াইজ রহিম।

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসির প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেলেন ওয়াইজ রহিম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএসআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ওয়াইজ রহিম এর আগে লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালে বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি মধ্য এশিয়া, পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ ব্যবস্থাপনা করে।

বিএসআইসির চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ‘আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের মধ্যে ভেঞ্চার বিনিয়োগ অভিজ্ঞতা, উদ্যোক্তাসুলভ দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতার এক বিরল সমন্বয় রয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সম্প্রতি দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বিএসআইসি গঠন করা হয়।

এর লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপগুলোর জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন সংগ্রহ করা এবং দেশের ভেঞ্চার ক্যাপিটাল ও উদ্ভাবনী পরিবেশকে আরও শক্তিশালী করা। কোম্পানিটি ইতোমধ্যে তাদের প্রথম তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে।

প্রায় ৪২৫ কোটি টাকার এই তহবিল দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে মিলে এ দেশের স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ দেশে ব্যাংকগুলোকে তাদের প্রতি বছরের বার্ষিক মুনাফার ১ শতাংশ এই স্টার্টআপ ইকুইটি ফান্ডে বিনিয়োগ করে যেতে হবে।

সারাবাংলা/এনজে