Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভর্নরের সঙ্গে অর্থনীতিবিদদের বৈঠক
মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা ঠেকাতে রিজার্ভ ধরে রাখার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২৩:৪৮

বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমাস সংকটের কারণে অর্থনীতির আসন্ন ধাক্কা সামলাতে দেশের বৈদেশি মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের আট অর্থনীতিবিদে। বৈশ্বিক সংকটে রিজার্ভ ও ডলারের নতুন করে বাড়তি চাপের শঙ্কা প্রকাশ করেছেন তারা। নতুন চাপ সামলাতে রিজার্ভ ধরে রাখার পাশাপাশি সুদহার কমাতে এখনই নীতি সুদহারে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে আসন্ন চাপ কেটে গেলে বিনিয়োগ বাড়ানোর জন্য সুদহার কমানোর উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও মত তাদের।

শনিবার (৭ মাচ) বিকেল ৪ টায় বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত বৈঠকে দেশের শীর্ষ ৮ অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে এসব পরামর্শ দিয়েছেন বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বিজ্ঞাপন

সভায় অর্থনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিট) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান।

সূত্র জানায়, রিজার্ভ থেকে ডলার খরচ করে আমদানি করা যাবে না। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আনা কঠিন হওয়া ব্রুনেই ও সিঙ্গাপুর থেকে সংগ্রহের উদ্যোগ নিতে হবে। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এখনই তা ভোক্তা পর্যায়ে দেওয়া ঠিক হবে না। এ ছাড়া, বাজার ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে।

অর্থনীতিবিদদের পরামর্শ, জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের পরিবর্তে বিকল্প উৎসের ব্যবস্থা অনুসন্ধান করতে হবে। বিশ্ববাজারে দাম বাড়লেও এখনই তা গ্রাহক পর্যায়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। যা সামগ্রিক অর্থনীতিকে অস্থিরতার মুখে ঠেলে দেওয়া শঙ্কার রয়েছে।

তারা জানান, চলমান বৈশ্বিক চাপের যে আশঙ্কা করা হচ্ছে তা এড়ানোর সুযোগ কম। কীভাবে কম ক্ষতি হয়, সেদিকে নজর দিতে হবে। বর্তমানে যে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) আছে, তা ধরে রাখতে হবে। তারা আরও পরামর্শ দেন যে, বিশ্বব্যাংকসহ যত বিদেশি ঋণের প্রতিশ্রুতি রয়েছে, তা দ্রুত ছাড় করার উদ্যোগ নিতে হবে। তেলের আমদানির জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) থেকে বাড়তি ঋণের উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের যাতায়াতে সমস্যার কারণে প্রবাসী আয়ে ধাক্কা আসতে পারে। তবে যারা আয় পাঠাতে চায়, তাদের আনার ব্যবস্থাটা আরও মসৃণ করতে হবে।

সভায় আলোচনা হয় যে, ইরান-আমেরিকা যুদ্ধের কারণে ডলার ও রিজার্ভের ওপর ফের চাপ তৈরি হতে পারে। পাশাপাশি প্রবাসী আয়েও ধাক্কা আসতে পারে। এ ছাড়া, জ্বালানি সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এদিকে সরকারের নীতি হলো দেশের বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করা। এমন পরিস্থিতিতে কী ধরনের নীতি নেওয়া যায় ও সরকার কী ধরনের নীতি পারে, তা জানতে চাওয়া হয় অর্থনীতিবিদদের কাছে।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, গভর্নর জানিয়ে দিয়েছেন, তিনি সততার সঙ্গে কাজ করবেন। কোনো রাজনৈতিক চাপে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যাংকগুলোকেও রাজনৈতিক চাপে কোনো সিদ্ধান্ত না নিতে বলেছেন তিনি।

অর্থনীতিবিদেরা পরামর্শ দেন, এখনো মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে রয়েছে। আরও বেড়ে যাক এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকার ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সুদের হার কমাতে এখনই নীতি সুদহার কমানো ঠিক হবে না। এ জন্য যুদ্ধের পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে চাহিদামতো ঋণ পায়, সেদিকে নজর বাড়াতে হবে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান গত ২৬ ফেব্রুয়ারি যোগ দিয়ে নীতি সুদহার কমানোর উদ্যোগ নিয়েছিলেন। তবে এক সদস্যের পদত্যাগ ও অর্থনীতিবিদদের বিরোধিতার মুখে সেই সভাটি ভেস্তে যায়। এর মধ্যে ইরানে আমেরিকার হামলা ও পালটা-হামলার পরিপ্রেক্ষিতে জ্বালানি সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কী সিদ্ধান্ত নিতে পারে, তা বুঝতে দেশের অর্থনীতিবিদদের সঙ্গে সভা করার উদ্যোগ নেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের পাশাপাশি চার ডেপুটি গভর্নর ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেওয়া হয় একটি কমিটি গঠন করতে, যারা সময়ে সময়ে দেশের অর্থনীতি নিয়ে বিস্তারিত জানাবে। যাতে কোনো আতঙ্ক তৈরি না হয়।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর