Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে সাংবাদিকদের ওপর শিবিরের হামলা দাবিতে ছাত্রদলের প্রতিবাদ

জবি করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১৪:২০ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১৪:২২

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর ছাত্রশিবির হামলা চালিয়েছে অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৬ মার্চ) ছাত্রদলের দফতর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সদস্য হওয়ার দাবিতে গেলে সাংবাদিকদের ওপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ন্যক্কারজনক হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করা হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল জানায়, সাংবাদিক সমিতি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার সংগঠন। সেখানে কোনো ছাত্রসংগঠনের সরাসরি হস্তক্ষেপ কিংবা হামলার উদ্দেশ্যে যাওয়া অনৈতিক এবং এটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা।

বিজ্ঞাপন

ছাত্রদল আরও বলে, সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংস আচরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল ও ভীতিকর পরিবেশ তৈরি করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা অভিযোগ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই কয়েকটি জাতীয় দৈনিক ও গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হওয়ার বিষয়টি উপদেষ্টা পরিষদ, শিক্ষক সমিতি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু এ বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সংঘাত তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর