Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামুতে খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৩:৪১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৪:১৪

আহত চার সাংবাদিক।

কক্সবাজার: কক্সবাজারের রামুতে অবৈধ পাহাড় কাটার খবর সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন।

বুধবার (৪ মার্চ) বেলা দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাপিতার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকেরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর রামু প্রতিনিধি মো. সাইদুজ্জামান সাঈদ, দৈনিক কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া, সিসিএন নিউজের রামু প্রতিনিধি মো. কাসেম এবং কোহেলিয়া টিভির রামু প্রতিনিধি সিরাজুল মোস্তফা আবির।

আহত সাংবাদিকেরা জানান, নাপিতার ঘোনা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে ভিডিও ও ছবি ধারণের সময় শ্রমিকেরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন অভিযুক্ত পাহাড়খেকো আব্দুল মালেক।

বিজ্ঞাপন

সাংবাদিকদের অভিযোগ, মালেক তাদের ‘সব দুই টাকার সাংবাদিক’ বলে নির্দেশ দেওয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়। প্রথমে মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়। পরে মারধরের চেষ্টা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কাউয়ারখোপের নাপিতার ঘোনা এলাকার চিহ্নিত বালুদস্যু ও পাহাড়খেকো আব্দুল মালেক দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এলাকায় একটি বড় মাদ্রাসা রয়েছে। অতিরিক্ত ডাম্পার চলাচলের কারণে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার দুই থেকে তিন ঘণ্টা পর রামু থানার পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে কল ধরেননি। পরে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রামু প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। সংবাদকর্মীরা জাতির বিবেক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি চৌধুরী বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর