চট্টগ্রাম: চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক মীরসরাইয়ে অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসানো হয়। রাত আড়াইটার দিকে (ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯) নম্বরের একটি প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির পেছনের ব্যাকডালার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক বাবু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর আগে জোরারগঞ্জ থানায় উদ্ধার হওয়া ইয়াবা চালানের মধ্যে এটি অন্যতম। ধারণা করছি, আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’