চট্টগ্রাম: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেবকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (৩ এপ্রিল) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মামলার পলাতক আসামি দেব কোতোয়ালী এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে অন্তর্ভুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত পরিচালনা করে র্যাব।
২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা দেন। পরর্বতীতে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় একটি চেম্বার ভাঙচুর করে।
ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে আদালতের বিপরীতে দিকে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।