Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়া: নিহত বেড়ে ৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৭:১৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৭:২৫

উদ্ধার কার্যক্রম। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী স্টেশন রোড-সংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ওই জাহাজভাঙা ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে লিকেজ দেখা দেয়। এ সময় স্থানীয় ও বহিরাগত কয়েকজন লোক বিষয়টি দেখতে সেখানে গেলে গ্যাসে আক্রান্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতসহ সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান বলেন, ‘ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।’ এদিকে ঘটনাস্থলে দু’জনের মরদেহ রয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ইয়ার্ডে দু’জন এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

নিহতদের মধ্যে চারজনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।

স্থানীয় জেলেরা জানান, কারখানার ভেতর থেকে বের হওয়া গ্যাসের গন্ধের তীব্রতা এত বেশি ছিল যে সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরা কারখানাটির পাশের খালে প্রবেশ করতে পারেননি। গ্যাসের তীব্র গন্ধের কারণে তাদের অন্তত আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ভেড়াতে হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা এখনো পর্যন্ত আটজনের মৃত্যুর কথা শুনেছি। এখনো উদ্ধার কাজ চলছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা ধারণা করছি।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর