চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে রোগী ও মরদেহ পরিবহণে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত রোগী ও মরদেহ পরিবহণের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরীসহ পুলিশ এবং বিআরটিএর প্রতিনিধিরা।
এ সময় চসিক মেয়র বলেন, ‘রোগী ও স্বজনদের হয়রানি রোধে হাসপাতালের জরুরি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। একবছর আগে বিভিন্ন গন্তব্যে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে একটা তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু ছয় মাস পর তা থেকে সরে এসে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন তেলের দাম বাড়ার কারণে সমিতি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।’
এতে ৩০ শতাংশ ভাড়া বেড়েছে। সর্বনিম্ন ভাড়া রয়েছে ১ হাজার ১৪৪ টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে লোহাগাড়া উপজেলায়- নন এসি বড় অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫ হাজার ৪০০ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫ হাজার ৭৮৫ টাকা।
ডা. শাহাদাত বলেন, ‘এই ভাড়া মেনে চলতে হবে। যদি এর চেয়ে বেশি নেওয়ার অভিযোগ আসে তাহলে আমরা তা মালিক সমিতির কাছ থেকে জরিমানা করব। হাসপাতাল ক্যাম্পাস এবং সামনের সড়কে অ্যাম্বুলেন্স রাখা যাবে না। ভ্রাম্যমাণ দোকানও বসানো যাবে না। অ্যাম্বুলেন্সের নামে যাতে কোনো মাইক্রোবাস চলতে না পারে সেদিকেও বিআরটিএকে দৃষ্টি দিতে হবে। হাসপাতাল এলাকায় নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়া হবে এবং কোনো অ্যাম্বুলেন্স চালক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না।’
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘বাইরে থেকে যেসব অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে আসে তারা যাওয়ার সময় আরেকটা ভাড়া নিয়ে যায়। এটা না করলেও চলে।’
চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, ‘সমিতির বাইরের অ্যাম্বুলেন্স এসে অনেক সময় ভাড়া নিয়ে যায়। এটা বন্ধ করতে হবে।’