চট্টগ্রাম: জেলার রাউজানে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করে গ্রামের বাড়িতে দাফনের জন্য আনা এক বৃদ্ধের মরদেহের কাফনে রক্তের দাগ ও মাথায় জখমের চিহ্ন দেখে জানাজা স্থগিত করেছেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
রোববার (৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে এদিন সকালে চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর এলাকার সুন্নিয়া মাদরাসাসংলগ্ন বাসায় মারা যান সিরাজউদ্দৌলা দুলাল (৭৫)। স্বজনেরা তার স্বাভাবিক মৃত্যু বলে প্রচার চালিয়ে দুপুর ২টায় মরদেহ রাউজানে আনেন।
ঘটনাটি ঘটে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের ননা হাজি তালুকদারের বাড়িতে। তিনি ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তাদের গ্রামের বাড়ি রাউজানে হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহ শহর থেকে অ্যাম্বুলেন্সে করে রাউজানে আনা হয়। তবে মরদেহ গাড়ি থেকে নামাতে আপত্তি জানান সঙ্গে আসা স্বজনেরা। পরে ঘরে নিয়ে গেলে মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত দেখা যায়। তখনই সন্দেহ করে স্থানীয়রা। আসরের নামাজের পর জানাজার প্রস্তুতি নিলেও স্থানীয়রা জানাজা করতে দেয়নি।
স্থানীয়রা জানান, আমরা মরদেহের চেহারা দেখতে গিয়ে দেখি তার মাথায় কোপের আঘাত। আমাদের সন্দেহ হয়। তাই মরদেহ দাফন না করে পুলিশকে খবর দিয়েছি।
নিহতের স্ত্রী জাহেদা বেগম (৬৫) বলেন, ‘আমার স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। মারা যাওয়ার দুদিন আগে তিনি চেয়ার থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। এটি সেই দাগ।’
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির মাথায় জখম দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’