Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বাভাবিক দর বৃদ্ধি, ২ কোম্পানির লেনদেন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৮:৪৮

ঢাকা: শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাসের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই)।

সোমবার (১৩ জুলাই) দিনের অবশিষ্ট সময়ের জন্য কোম্পানি দুটির শেয়ারের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা উল্লেখযোগ্য ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই ড্যাফোডিল কম্পিউটার্স ও উসমানিয়া গ্লাসের শেয়ারদর এবং লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে লেনদেন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৪ জুন শেয়ারটির দর ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা, যা ১৩ জুলাই বেড়ে দাঁড়ায় ১৬৩ টাকা ৬০ পয়সায়।

অন্যদিকে, উসমানিয়া গ্লাসের শেয়ার দর আরও দ্রুত বেড়েছে। ২২ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৭ টাকা ৩০ পয়সা, যা ১৩ জুলাই বেড়ে ৭৪ টাকা ২০ পয়সায় পৌঁছে।

এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে উভয় স্টক এক্সচেঞ্জ কোম্পানি দুটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এর আগে ২১ জুন ড্যাফোডিল কম্পিউটার্স এবং ২ জুলাই উসমানিয়া গ্লাসের কাছে শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই। জবাবে উভয় কোম্পানি জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা শেয়ার দর বা লেনদেনে প্রভাব ফেলতে পারে। এছাড়া ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থায়ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে তারা জানিয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, কোম্পানি দুটির শেয়ারদরের এই ঊর্ধ্বগতির সঙ্গে তাদের প্রকৃত ব্যবসায়িক অবস্থার সুস্পষ্ট কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাই দরবৃদ্ধির পেছনে গোপন তথ্যের ব্যবহার, সমন্বিত লেনদেন বা সম্ভাব্য বাজার কারসাজি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে প্রয়োজনীয় নথি ও অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর