Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটিতে চট্টগ্রাম বন্দরের জন্য ৩ টাস্কফোর্স ও ১০ কাস্টমস টিম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ২৩:২৫

চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। টানা ছুটিতে দেশের প্রধান সমুদ্র বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বন্দর সচল রাখতে গঠন করা হয়েছে তিনটি আলাদা টাস্কফোর্স।

বন্দরে কাস্টমস, শিপিং, ব্যাংক, সিঅ্যান্ডএফসহ সংশ্লিষ্ট ২৬টি সংস্থা ও প্রতিষ্ঠানের যেকোনো একটি অনুপস্থিত থাকলেই তৈরি হয় জটিলতা। এ পরিস্থিতিতে জেটি ও বহির্নোঙরে পণ্য খালাস স্বাভাবিক রাখতে তিনটি আলাদা টাস্কফোর্স গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একইভাবে কাস্টমসও গঠন করেছে ১০টি বিশেষ টিম।

সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ৮ হাজার ৭০০ টিইইউএস কন্টেইনার ওঠানামা হলেও ডেলিভারি হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টিইইউএস কন্টেইনার। তবে ঈদের ছুটিতে কন্টেইনার ওঠানামা স্বাভাবিক থাকলেও ডেলিভারি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। কারণ, আমদানিকৃত কাঁচামাল ও প্রস্তুত পোশাক রফতানিতে তৈরি হয় জটিলতা।

বিজ্ঞাপন

ঈদের ছুটির দিনগুলোতে বাণিজ্য সচল রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করেছে, সেগুলো মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ জোনে কাজ করবে। এগুলো হলো -বহির্নোঙরে বাল্ক পণ্য খালাস বা লাইটারিং তদারকি, জেটিতে কনটেইনার ওঠানামা ও ইয়ার্ড ব্যবস্থাপনা সচল রাখা, বন্দরের জলসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, ‘ঈদের সময়ে দুটি টাস্কফোর্স সরাসরি পণ্য খালাস ও জেটি-ইয়ার্ড ব্যবস্থাপনায় কাজ করবে। এ ছাড়া সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আরো একটি পৃথক টাস্কফোর্স।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর