Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ২১:৫৮ | আপডেট: ২৭ মে ২০২৬ ১২:৫৩

গ্রেফতার হওয়া ডাকাত চক্রের তিন সদস্য।

চট্টগ্রাম: জোরারগঞ্জ থানা এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম। সোমবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া থানার পশ্চিম বড়দেইল গ্রামের মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. নূর নবী রাসেল (৩৬), কুমিল্লার লালমাই থানার লগ্নশ্বর গ্রামের মৃত মো. রশিদের ছেলে মো. কালাম (২৮) ও লক্ষ্মীপুরের রায়পুর থানার চরকাচিয়া গ্রামের কুদ্দুসের ছেলে মো. সেলিম (২০)। এদের মধ্যে নূর নবী রাসেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডাকাতরা যখন মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, তখন তাদের হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি পিকআপ গাড়ি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এই তাৎক্ষণিক তৎপরতার কারণে মহাসড়কে একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর