চট্টগ্রাম: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটেছে। কোনো কোনো ফ্লাইট ডাইভার্ট হয়েছে, আবার কিছু ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে। এ ছাড়া একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা-চট্টগ্রাম রুটের ফ্লাইট BG138 বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে ফ্লাইটটি দুপুর ২টা ১ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-342 চট্টগ্রামে অবতরণের পর ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বের মুখে পড়ে। ফ্লাইটটি বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একই সংস্থার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-105 বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে ফ্লাইদুবাইয়ের চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট FDB-564 প্রায় তিন ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় এ ধরনের সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে।