Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টন সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২৩:২২

জব্দ করা সিগারেট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ থেকে ৬৪৭ কার্টন সিগারেট ও ২৪০ পিস আমদানি-নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন (এরাইভাল) হলে যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিমানবন্দর কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আগত তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। যাত্রীরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া সিগারেটের বিপরীতে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকার রাজস্ব আদায়যোগ্য। জব্দ করা পণ্য বিভাগীয় স্মারক মূল্য (ডিএম ভ্যালু) অনুযায়ী চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, আমদানি-নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে। গত মে মাসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ হাজার ৮৩৪ কার্টন সিগারেট এবং ২ হাজার ৭৫১ পিস আমদানি-নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর