চট্টগ্রাম: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রামের খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে এক তরুণীকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজী থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আব্দুর রহমান শেখ (২১) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকার মৃত সোহরাব শেখের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়া আক্তার রিতা (২০) চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। তিনি নগরীর সিডিএ মার্কেটে একটি গার্মেন্টসে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আসামি আব্দুর রহমানের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। প্রায় ৩-৪ মাস আগে মারামারির ঘটনায় আসামির চাকরি চলে যায়। চাকরি হারানোর পরও আব্দুর রহমান বিভিন্ন সময় ভু্ক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।
এরপর গত ২৩ মে রাতে গার্মেন্টস ছুটির পর আসামি কৌশলে ভুক্তভোগীকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান। পরে ‘গুরুত্বপূর্ণ কথা আছে’ বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের উত্তর পাশে পঞ্চম তলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ওই তরুণীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন আসামি। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই তরুণী। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাম্মৎ জমিলা বেগম খুলশী থানায় মামলা করেন।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে ফেনী জেলার সোনাগাজী মডেল থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে অজ্ঞাতনামা আর কেউ জড়িত আছে কিনা, তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’